রায়পুর উপকূলের উঠোনে উঠোনে সবজি চাষ
লক্ষ্মীপুরের রায়পুর উপকূলের উঠোনে উঠোনে চলছে সবজি চাষ। এক সময় খালি পড়ে থাকা বাড়ির উঠোনগুলো মহিলারা ভরিয়ে তুলছেন সবুজে। জীবিকা নির্বাহের পথ হিসেবেই এটি বেছে নিয়েছেন উপকূলের মহিলারা। এটিকে চরাঞ্চলের মহিলারা দেখছেন দারিদ্র্য দূরীকরণের স্বপ্নপূরণ হিসেবে।
এদিকে চরাঞ্চলের নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপালী উন্নয়ন কেন্দ্র (র্যাক্)। জিএনএনইপি’র তত্ত্বাবধানে তারা চরআবাবিল, চরবংশীসহ আশপাশ ইউনিয়নে সবজি চাষে মহিলাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তাদের সহায়তায় মহিলারা বাড়ির খালি আঙিনা ভরিয়ে তুলছেন সবুজে। তাদের কেউ উঠোনে লাউ চাষ করছেন, আবার কেউ লাগিয়েছেন পেঁপের চারা। অনেকে আবার করছেন শসা ও কাঁচামরিচের ক্ষেত।
সবজি চাষি সেলিনা বেগম বলেন, রূপালী উন্নয়ন কেন্দ্রের সহায়তায় আমি সবজি চাষ করছি। এর আগে আমরা ২৫ জন মহিলা সবজি চাষের ওপর প্রশিক্ষণ নিয়েছি। এতে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি।
র্যাকের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া বলেন, আমরা শুধু দুস্থদের স্বাবলম্বী করতেই সবজি চাষের কর্মকা- হাতে নিয়েছি। এজন্য আমাদের সব ধরনের সহায়তা করছে আরএফএলডিসি- ডানিডা ও বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। ২০০৪ সালের ২৮ ডিসেম্বর থেকে তারা আনুষ্ঠানিকভাবে এ কর্মকা- শুরু করেন বলে তিনি উল্লেখ করেন।
১ নং উত্তর চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্যা বিএসসি বলেন, সবজি চাষে কিছু মহিলার সফলতা অন্যদেরও আগ্রহী করে তুলেছে। তারা বাড়ির উঠোনে খালি জায়গায় শুরু করে দিয়েছেন সবজি চাষ। তাই উপকূলের খালি পড়ে থাকা উঠোনগুলো এখন ভরে যাচ্ছে সবুজে সবুজে।
-আতোয়ার রহমান মনির |